ইতিহাসের পাতায় ২২ আগস্ট

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২৩৪তম (অধিবর্ষে ২৩৫তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯৩২ : বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
১৯৮৯ : নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

জন্ম
১৯১৫ : শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব।
১৯৬০ : ফজলুর রহমান বাবু , একজন বাংলাদেশি অভিনেতা এবং সঙ্গীতশিল্পী।
১৯৭১ : মোশাররফ করিম, একজন বাংলাদেশি অভিনেতা।
১৯৮৫ : রুমানা রশীদ ঈশিতা, বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা।

মৃত্যু
১৯৭৭ : ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক সেবাস্টিয়ান কাবট।
১৯৮২ : ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠক একনাথ রানাডে।
২০০০ : বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও অনুবাদক অরুণ মিত্র।

নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র
শম্ভু মিত্র ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। তিনি ছিলেন নাট্য-নির্দেশক। প্রাতিষ্ঠানিক শিক্ষা সামান্য হলেও নাট্যাভিনয়ে তিনি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন।

জন্মগ্রহণ করেন ১৯১৫ সালের ২২ আগস্ট কলকাতায়। প্রখ্যাত অভিনেত্রী তৃপ্তি মিত্র তার সহধর্মিণী এবং মেয়ের নাম শাঁওলী মিত্র।

কলকাতার রঙ্গমহল নাট্যমঞ্চে অভিনয়ের মাধ্যমে শম্ভুর নাট্যজীবনের শুরু। ১৯৪৪ সালে তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। এ সংঘের হয়ে বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটকটি যৌথভাবে প্রযোজনা ও অভিনয়ে অংশ নিয়ে শম্ভু মিত্র নাট্যজগতে আলোড়ন সৃষ্টি করেন এবং পুরনো নাট্যভাবনায় পরিবর্তন আনেন। ১৯৪৮ সালে তিনি কলকাতায় নিজের নাট্যদল ‘বহুরূপী’ প্রতিষ্ঠা করেন। বহুরূপীই বাংলা থিয়েটারে নব-নাট্যান্দোলন তথা গ্রুপ থিয়েটার আন্দোলনের পথিকৃৎ। এ নাট্যদলের মাধ্যমে শম্ভু মিত্র সংগঠক, অভিনেতা ও নাট্য-নির্দেশক হিসেবে বিখ্যাত হন।

শম্ভুর পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলো হলো- নবান্ন, দশচক্র, রক্তকরবী, রাজা অয়দিপাউস ইত্যাদি। তাঁর রচিত নাটকের মধ্যে ‘চাঁদ বণিকের পালা’ বহুল উল্লেখযোগ্য।

রুপালি পর্দায় অভিনয় ও নির্দেশনায়ও সাফল্য অর্জন করেন শম্ভু মিত্র। নাট্য রচনা ছাড়াও শম্ভু মিত্র পাঁচটি ছোটগল্প ও একাধিক নাট্যবিষয়ক প্রবন্ধ রচনা করেছিলেন। তাঁর রচিত কাকে বলে নাট্যকলা ও প্রসঙ্গ: নাট্য দুটি বিখ্যাত প্রবন্ধগ্রন্থ।

শম্ভু মিত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ের শিক্ষক ছিলেন। একজন আবৃত্তিকার ও গদ্য-পাঠক হিসেবেও তিনি নন্দিত ছিলেন। নাট্যচর্চায় অসামান্য অবদানের জন্যে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট ডিগ্রি, সঙ্গীত-নাটক একাডেমীর ফেলোশিপ, পদ্মভূষণ উপাধি (১৯৭০), ম্যাগসেসাই পুরস্কার (১৯৭৬) এবং চলচ্চিত্রের জন্যে কার্লোভিভারি পুরস্কার লাভ করেন।

শম্ভু মিত্র ১৯৯৭ সালের ১৮ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *