দুই মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জে পৃথক দুই মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে একটি মামলায় দুইদিন ও অন্যটিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে পৃথক দুই আদালতে মামলা দুটির শুনানি হয়।

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে নেয়া হয়।

সকাল ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলার শুনানি হয়। এ মামলায় মমতাজকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের মামলার শুনানি হয়। এ মামলায় মমতাজকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তি দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে আদালত থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় তার ওপর ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধরা।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *