ঢাকার মৌসুমী গার্মেন্টস ও স্কয়ার ফ্যাশন নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ট্রাক তৈরি পোশাক ভারতে রপ্তানির উদ্দেশ্যে আজ রোববার সকালে যশোরের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। কিন্তু গতকাল শনিবার রাতে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শুধু এই দুটি প্রতিষ্ঠান নয়, এমন বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৩৬টি ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। এসব পণ্যের রপ্তানির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও পণ্যের চালানগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরের দিকে নেওয়ার উদ্যোগ নিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান।
