সারাদেশে বৃষ্টি থেকে বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৌসুমের শুরু থেকেই মৃদু তাপদাহ প্রবাহিত হচ্ছে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে চলতে পারে এই তাপদাহ। আগামী দুইদিনে আরও বাড়বে তাপমাত্রা। এরপর তাপমাত্রা কমে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ২৫ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। এরপর বিশেষ করে ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড়ও হওয়ার আশঙ্কা আছে। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঝড় হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপরের দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *