২১০ কেন্দ্রে নৌকা পেয়েছে ১০৮৯১৮ ভোট, হাতপাখা ৪০০৫০

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ২১০টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। এতে এগিয়ে আছে সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা গেছে।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিনছসর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮৯ কেন্দ্রের মধ্যে ২১০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১৮ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৪০ হাজার ৫০ ভোট।

 

অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৪৮ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৮৯ ভোট।

 

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। এমনকি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে সকলের সহযোগিতায় নির্বাচন পরিচালনা করেছে। আমরা কথা দিয়েছিলাম খুলনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আমরা সেই চেষ্টা শতভাগ পালন করার চেষ্টা করেছি।