ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল কাদির (কালা মিয়া মাস্টার) এর মূত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এলাকাবাসী। তিনি ৫ জুন দুপুর ১.৩৫ মিনিটে নিজ বাড়িতে বয়স ও বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন।
৬ জুন সকাল ৯ ঘটিকায় মুক্তিখলা মল্লিকপুর মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে পুরান মুক্তিখলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্বম্ভপুর উপজেলার শিক্ষার উন্নয়নসহ উপজেলার সার্বিক অগ্রগতিতে উনার অবদানের কথা তুলে ধরেন এবং মাগফেরাত কামনা করেন।
মরহুম আব্দুল কাদির ( কালা মিয়া মাস্টার) সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মুক্তিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। সারাটা জীবন তিনি মানুষের জন্য কাজ করেছেন। দীর্ঘদিন বিনামূল্যে শিক্ষকতা করেছেন। অসংখ্য দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহযোগীতা করেছেন। এলাকায় ডাক্তার সংকট থাকায় নিজের ফার্মেসি থেকে মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন । উনার মৃত্যুতে সুনামগঞ্জ -০৪ আসনের সাংসদ ও হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরল হক সহ সর্বস্তরের জনগণ শোক প্রকাশ করেন।
পারিবারিক জীবনে তিনি স্ত্রী এবং ৫ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে যান।
উনার পরিবারের পক্ষ থেকে ” সকল ভুলত্রুটি ক্ষমা করে আল্লাহতায়ালা যেন উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সকলের নিকট অনুরোধ করা হয়।”
