পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান আটক

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে আটক করা হয়।
মশিউর রহমান অনেক দিন ডিএমপির ডিবিতে ছিলেন। ডিএমপির ডিবিতে সর্বশেষ তিনি লালবাগ বিভাগের উপকমিশনার ছিলেন। বিগত সরকারের শেষ দিকে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সম্প্রতি মশিউর রহমানকে ডিএমপির ডিবি থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
ডিএমপি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় মশিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *