মোহাম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৪) উপজেলা কনফারেন্স হলরুমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা-৯ আসনের ফরিদপুর-১ এর দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্য ও সাবেক ইডেন মহিলা কলেজের ভিপি হেলেন জেরিন খাঁন। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খাঁন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করা সমাজের সবার দায়িত্ব। ভবিষ্যতে তারা যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক (রিপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
