আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আলফাডাঙ্গা পৌরসভার শাহাদাত হোসেনের ছেলে মাহাবুল ইসলাম (৪৩), আরাজী রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল হক (৩৭) ও কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫)।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের একটি টিম ক্রেতা সেজে পৌরসভার শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। মাহাবুল ও এনামুলের সাথে দরদাম ঠিক করে লোকাল বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বিক্রির সময় ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামারগ্রাম থেকে লিমন খানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে আরও ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাসেল কবির জানান, দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গায় একটি বড় চক্র মাদক বেচাকেনা করে আসছে।
এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।
