মর্যাদার প্রতিযোগিতা ও শান্তির ইঞ্জিনিয়ারিং

এ ইউ দৌলা

জীবনের মৌলিক চাহিদা হিসেবে আমাদের প্রয়োজন ছিল কেবল খাবার, শীত নিবারণের কিছু পোশাক, নিরাপত্তার সাথে বিশ্রামের জন্য একটি আশ্রয় এবং পরস্পরের সহযোগিতা; এটাই বেঁচে থাকার জন্য সম্পূর্ণ যথেষ্ট ছিল। কিন্তু সামাজিক পরিবেশে শৈশব থেকে বেড়ে ওঠার পথে আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে উঠলাম যে আমাদের মন প্রবেশ করল সম্মান ও মর্যাদার এক চিরন্তন আকাঙ্ক্ষায়। সম্মান ও মর্যাদার এই অনুভব সৃষ্টি করল অন্যের চোখে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ বা মূল্যবান হিসেবে তুলে ধরার এমন এক তুলনামূলক প্রতিযোগিতা, যার কোনো শেষ বিন্দু নেই। এর ফলে জীবনের মৌলিক চাহিদা মেটানোর জন্য যতটুকু শ্রম বা প্রচেষ্টার প্রয়োজন ছিল, তা হঠাৎ রকেটের গতিতে বেড়ে গেল এবং আমরা কে কার চেয়ে বেশি সম্পদ নিয়ন্ত্রণ করে নিজের গুরুত্ব বাড়াতে পারি, সেই অন্তহীন প্রতিযোগিতায় জড়িয়ে পড়লাম।

মর্যাদা বৃদ্ধির এই লোভ মানুষের মাঝে যে শক্তির জন্ম দিল, তাই হয়ে উঠল বহুমুখী উদ্ভাবন আর জাকজমকপূর্ণ সভ্যতার জ্বালানি। অন্যদিকে, ক্ষমতাবান মানুষেরা আরও ক্ষমতার লোভে মেতে উঠল, ধনীরা আরও ধনী হওয়ার সংগ্রামে লিপ্ত হলো। আর মর্যাদার এই প্রবল প্রতিযোগিতায় ক্ষমতাবান ও ধনীদের বুদ্ধির কৌশলের কাছে ধরা খেয়ে গেল সাধারণ মানুষ, যার ফলশ্রুতিতেই জন্ম নিল নানা শ্রেণিভেদ এবং বিশেষ করে ধনী ও দরিদ্রের বিশাল ব্যবধান। এই বৈষম্যের চূড়ায় দাঁড়িয়ে ধনীরা একসময় সাধারণ মানুষকে কেনাবেচা শুরু করেছিল, যা মানব ইতিহাসের পাতায় ক্রীতদাস প্রথা হিসেবে আজও এক কলঙ্কিত অধ্যায় হয়ে রয়েছে।

পরবর্তীতে ধনীরা নিজেদের মানবিক ও আধুনিক হিসেবে প্রতিষ্ঠিত করার স্বার্থে দেশে দেশে ক্রীতদাস প্রথা নিষিদ্ধ ঘোষণা করল। কিন্তু মর্যাদা আর সম্মানের সেই আদিম প্রতিযোগিতা থামল না; বরং সেই কৌশল আরও নতুন ও অদৃশ্য এক রূপ লাভ করল। সাধারণ মানুষের সামনে ঝুলিয়ে দেওয়া হলো সম্মান ও মর্যাদার এক নতুন পথ ও অভ্যাস। সাধারণ মানুষেরাও কীভাবে সম্পদ আর জৌলুস বাড়িয়ে সম্মানিত ও মর্যাদাবান হওয়া যায়, সেই চর্চায় অভ্যস্ত হয়ে উঠল। আর ঠিক তখনই সেই সম্মান ও মর্যাদার লোভনীয় অনুভবকে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হলো।

সব প্রশংসা আল্লাহর, সব মর্যাদা আল্লাহর, সব ক্ষমতা আল্লাহর, সব সম্মানও মহান আল্লাহর। কিন্তু আমরা যখন এই আয়াতটির মর্ম না বুঝে মানুষকে সম্মান, মর্যাদা ও প্রশংসা দিতে শুরু করি, তখন আসলে আমরা এক মারাত্মক ভ্রান্তিতে জড়িয়ে পড়ি, যার দার্শনিক ও তাত্ত্বিক রূপ হলো ‘শিরক’। শিরক কেবল মূর্তি পূজা নয়; শিরক হলো যখন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে পরম সম্মান করি, অন্য কাউকে চরম মর্যাদা দিই, অন্য কাউকে স্বাধীন ক্ষমতার উৎস বলে মেনে নিই। আর একই সাথে, শিরক হলো সেটাই, যখন আমি নিজের জন্য অন্য মানুষদের নিকট থেকে সম্মানের আকাঙ্ক্ষা করি।

প্রাচীন যুগের সেই শারীরিক বলপ্রয়োগ বা চাবুকের শাসন রূপ নিল আধুনিক মনস্তাত্ত্বিক দাসত্বে, যেখানে মানুষ আর জোরের বশে নয়, বরং কিছুটা মর্যাদা আর সম্মানের মোহে অন্ধ হয়ে স্বেচ্ছায় সেই চিরন্তন প্রতিযোগিতার চাকায় নিজেকে সঁপে দিল। আর আজকের যুগে আপনি দেশে দেশে, জাতিতে জাতিতে, এমনকি ঘরে ঘরে যে যুদ্ধ ও অশান্তি দেখছেন, তার মূল জ্বালানি হলো এই মর্যাদার অন্তহীন প্রতিযোগিতা।

তাহলে এই সমস্যার সমাধান কী? পৃথিবী কীভাবে আবার শান্তির আবাসভূমি হতে পারবে?

চলুন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পবিত্র কুরআনের প্রথম সূরার একদম প্রথম আয়াতটি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি—আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বাক্যটি পবিত্র কুরআনের সর্বপ্রথম সূরার সর্বপ্রথম আয়াত এবং সেই আয়াতের প্রথম অংশ। একটু ভেবে দেখুন তো, কতটা গুরুত্বপূর্ণ হলে মহান আল্লাহ তাআলা এই আয়াতকে এমন একটি সেরা স্থানে রেখেছেন এবং মানুষকে সালাতের মধ্যে দিনে অসংখ্যবার এই আয়াতটি স্মরণ করার বাধ্যবাধকতা দিয়েছেন।

আর জানেন তো, ‘আয়াত’ মানে কিন্তু কেবল কোনো বাক্য নয়; ‘আয়াত’ মানে হলো সাইন, নিদর্শন বা প্রতীক। আয়াত হলো এমন কিছু, যা নিয়ে মানুষ চিন্তা করবে, অনুভব করবে। মহান আল্লাহ তাআলা মানবজাতির মুক্তির সংবিধান হিসেবে পবিত্র কুরআন নাযিল করেছেন, আর সেই মহাগ্রন্থের সূচনাতেই সূরা ফাতিহায় তিনি আমাদের শিখিয়ে দিলেন—আলহামদুলিল্লাহ। এই আয়াতটিকে ভেঙে শব্দে শব্দে বুঝতে চেষ্টা করলে দেখা যায়, ‘আল’ শব্দের অর্থ হলো সমস্ত, সকল, সার্বজনীন বা ইংরেজিতে যাকে বলা হয় ‘The’। ‘হামদ’ শব্দের অর্থ হলো প্রশংসা, সম্মান, মর্যাদা, মহিমা ও ক্ষমতার একীভূত অনুভব; আর ‘লি’ হলো ‘জন্য’।

তাহলে ‘আলহামদুলিল্লাহ’—এই আয়াতের অর্থ কী দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায়: সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা, সব মর্যাদা, সব সম্মান, সব ক্ষমতা কেবল মহান আল্লাহর জন্য। এর গভীর তাৎপর্য হলো, সকল সম্মান ও ক্ষমতার উৎস কেবল আল্লাহ, অন্য কেউ বা অন্য কিছু নয়।

সব প্রশংসা আল্লাহর, সব মর্যাদা আল্লাহর, সব ক্ষমতা আল্লাহর, সব সম্মানও মহান আল্লাহর। কিন্তু আমরা যখন এই আয়াতটির মর্ম না বুঝে মানুষকে সম্মান, মর্যাদা ও প্রশংসা দিতে শুরু করি, তখন আসলে আমরা এক মারাত্মক ভ্রান্তিতে জড়িয়ে পড়ি, যার দার্শনিক ও তাত্ত্বিক রূপ হলো ‘শিরক’। শিরক কেবল মূর্তি পূজা নয়; শিরক হলো যখন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে পরম সম্মান করি, অন্য কাউকে চরম মর্যাদা দিই, অন্য কাউকে স্বাধীন ক্ষমতার উৎস বলে মেনে নিই। আর একই সাথে, শিরক হলো সেটাই, যখন আমি নিজের জন্য অন্য মানুষদের নিকট থেকে সম্মানের আকাঙ্ক্ষা করি।

যখন আমি মর্যাদা এবং প্রশংসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠি সেটাই শিরক। কেননা মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন—আলহামদুলিল্লাহ (সম্মান, মর্যাদা, প্রশংসা, মহিমা, ক্ষমতা কেবল একমাত্র আল্লাহর জন্য)।

প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একটু লক্ষ্য করুন। তিনি যখন কোনো মজলিসে আসতেন, সাহাবিগণের কেউ কেউ তাঁকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোরভাবে নিষেধ করতেন। তিনি বলতেন, “আমি তো তোমাদের মতোই আল্লাহর বান্দা, আল্লাহর দাস; আমি তোমাদের থেকে আলাদা কেউ নই। তোমাদের সাথে আমার পার্থক্য শুধু এটুকুই যে, মহান আল্লাহ তাআলা আমার কাছে ওহি পাঠান।”

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—যিনি বিশ্বের সেরা মানব, আল্লাহর প্রিয় হাবিব, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ও আধ্যাত্মিক নেতা—তিনি এসে পরিষ্কার ঘোষণা করলেন যে তিনি আমাদের মতোই সাধারণ মানুষ। তিনি আলাদা কোনো সম্মান দাবি করেননি। তিনি কোনো দামি পোশাক, মুকুট কিংবা বিশাল কোনো প্রাসাদ তৈরি করেননি। রাজপোশাক পরা বা রাজমুকুট দিয়ে নিজের সম্মান বাড়ানোর কথা তিনি কখনো ভাবেননি; এমনকি নিজের কোনো ছবি বা মূর্তি পর্যন্ত তিনি পৃথিবীতে রেখে যাননি।

তিনি চাইলে সেই সময়ের মসজিদগুলোকে সোনা-রূপায় খচিত প্রাসাদের মতো করে তৈরি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনিই আমাদের শিখিয়ে দিয়েছেন, সম্মান, মর্যাদা, প্রশংসা ও মহিমা কোনো পাথরের মূর্তিতে নেই, কোনো ঝাড়বাতিতে নেই, কোনো মিনারের সৌন্দর্যে নেই, কোনো মানুষের পোশাক বা পদবীতেও নেই। সমস্ত সম্মান, মহিমা ও মর্যাদা কেবল এবং কেবল আল্লাহর।

ইসলামের এই গভীর দর্শন যেদিন মানবজাতি বুঝতে পারবে এবং সেই উপলব্ধি থেকে জীবনের অভ্যাসগুলোকে সাজিয়ে নিতে পারবে, সেদিনই কেবল পৃথিবীতে সত্যিকারের শান্তি ফিরে আসবে। এটাই শান্তির ইঞ্জিনিয়ারিং।

লেখক (মাইন্ড-ইঞ্জিনিয়ারিং বিষয়ের গবেষক)