আমরা যখন সুপার শপে যাই – তাক ভর্তি হাজারো লোভনীয় খাবার দেখি। এগুলো কি আসলেই —খাবার’? আসুন একটা ছোট্ট পরীক্ষা করি। বাসায় গিয়ে রান্নাঘরের যে-কোনো একটি প্যাকেটজাত খাবার হাতে নিই। লেবেলটা পড়ে যদি দেখি যে এতে ৫টির বেশি উপাদান আছে এবং অর্ধেক নামই আমরা উচ্চারণ করতে পারছি না – তবে নিশ্চিত হতে হবে যে, আমরা খাবার খাচ্ছি না। আমরা খাচ্ছি —আল্ট্রা প্রসেসড ফুড‘ (UPF)। আজ পৃথিবীর ৭০% মানুষ যা খাচ্ছে, তা আসলে কোনো খাবার নয়। এগুলো ল্যাবরেটরিতে তৈরি এমন কিছু পণ্য, যা ডিজাইন করা হয়েছে আমাদেরকে আসক্ত করার জন্যে।
আজ আমরা জানব, কীভাবে এই খাবারগুলো আমাদের শরীর, মন এবং ভবিষ্যৎ প্রজন্মকে নীরবে ধ্বংস করে দিচ্ছে।
আল্ট্রা প্রসেসড ফুড আসলে কী? : ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষক কার্লোস মন্টেইরো ২০০৯ সালে খাবারের একটি ক্লাসিফিকেশন তৈরি করেন। তিনি খাবারকে চার ভাগে ভাগ করেছেন। এর মধ্যে চতুর্থ বা সবচেয়ে বিপদজনক ভাগটি হলো – আল্ট্রা প্রসেসড ফুড।
এগুলো চেনার উপায় কী?
১. এতে প্রাকৃতিক খাবারের কোনো চিহ্ন থাকে না।
২. এতে থাকে প্রচুর কৃত্রিম রং, ফ্লেভার, প্রিজারভেটিভ।
৩. থাকে অতিরিক্ত চিনি, লবণ এবং খারাপ চর্বি।
উদাহরণ? অনেকের খুব প্রিয় কোমল পানীয়, চিপস, নুডলস, বার্গার, ফ্রোজেন পিৎজা, এমনকি শিশুদের তথাকথিত হেলথ ড্রিংকস। এসব খাবার ক্ষুধা মেটায় না, বরং মস্তিষ্কের —ডোপামিন’ সেন্টারকে এমনভাবে উদ্দীপিত করে যে, আমরা খেতেই থাকি, থামতে পারি না?
পরিসংখ্যান ও স্বাস্থ্যঝুঁকি : ২০২৪ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল (The BMJ) ১ কোটি মানুষের ওপর গবেষণা করে বলেছে – আল্ট্রা প্রসেসড ফুড ৩২টি কঠিন রোগের সাথে সরাসরি যুক্ত। এর মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং অকাল মৃত্যু অন্যতম।
পরিসংখ্যানগুলো শুনলে আমরা শিউরে উঠব:
• হৃদরোগের ঝুঁকি বাড়ে ২৪%।
• অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে ২৫%।
• বিশ্বে প্রতি বছর ১ কোটি ১০ লাখ মানুষ মারা যায় শুধু অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে, যা যুদ্ধ বা দুর্ঘটনার চেয়েও বেশি!
এখন যত অসংক্রামক ব্যাধি বা রোগ আছে তার অন্যতম প্রধান কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
নীরব ঘাতক ও বাংলাদেশের প্রেক্ষাপট : বাংলাদেশের গবেষক ড. মালো দেখিয়েছেন, আমাদের পেটে —ইনটেস্টিনাল অ্যালকালাইন ফসফেটাস’ (IAP) নামে একটি এনজাইম থাকে। ফাস্ট ফুড বা প্রসেসড ফুড এই এনজাইমকে নষ্ট করে দেয়। আর এই এনজাইমের অভাবেই ৮৫% মানুষের ডায়াবেটিস হয়।
২০০৫ সালে বাংলাদেশে ডায়াবেটিস রোগী ছিল ৩০ লাখ, ২০২৪ সালে তা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। এর প্রধান কারণ – অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
পেটের অণুজীবের ধ্বংসযজ্ঞ : আমাদের পেটে ১৪০০ ধরনের ভালো ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার ৭০% নিয়ন্ত্রণ করে।
ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক জেনেটিক্স প্রফেসর টিম স্পেক্টর তার ছেলের ওপর একটি পরীক্ষা করেছিলেন। ১০ দিন ছেলেকে শুধু বার্গার, নাগেটস আর কোক খাইয়েছিলেন। ফলাফল? মাত্র ১০ দিনে তার পেটের ৪০% ভালো ব্যাকটেরিয়া বা অণুজীব মারা গিয়েছিল! ভাবুন, ১০ দিনের খাবার যদি এই ক্ষতি করে, তবে বছরের পর বছর এগুলো খেতে থাকলে আমাদের কী অবস্থা হবে?
শিশুদের কী খাওয়াচ্ছি? আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। চেতনতার অভাবে শিশুদের মুখে কী খাবার তুলে দিচ্ছি তা আমরা বুঝতে পারি না। শিশুদের খাদ্যের ৬৭% এখন আল্ট্রা প্রসেসড। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা ফাস্টফুড জাঙ্কফুড নানাধরনের ড্রিংকস এবং অস্বাস্থ্যকর খাবার খায় তাদের মধ্যে বিষণ্নতা দুশ্চিন্তা অতিরিক্ত অস্থিরতা হাইপার এক্টিভিটি দুঃস্বপ্ন রাগ এবং আগ্রাসী আচরণ বেড়ে যায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফেলিস জাকা দেখেছেন, যেসব মা গর্ভাবস্থায় বেশি প্রসেসড ফুড খেয়েছেন, তাদের সন্তানদের মধ্যে রাগ, জেদ এবং আগ্রাসী আচরণ বেশি। এজন্যে গর্ভাবস্থায় মায়েদের সচেতন হওয়া অনেক গুরুত্বপূর্ণ।
ঘুম ও মানসিক স্বাস্থ্য : ঘুমকে বলা হয় প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ওষুধ। এই ঘুমের ব্যাঘাতের কারণেই নানান রকম রোগ-বালাই এর সম্মুখীন হই আমরা। প্রসেসড ফুডে থাকা অতিরিক্ত চিনি বা সুগার আমাদের ঘুমের গভীরতা কমিয়ে দেয়। পাশ্চাত্যে এত টিউমার, ক্যান্সার, হার্টের সমস্যা কেন? এর মূল কারণ হচ্ছে সুগার বা সাদা বিষ। ইনসমনিয়া বা অনিদ্রার অন্যতম প্রধান কারণ এই সুগার। এই সুগার আল্ট্রা প্রসেসড ফুডের গুরুত্বপূর্ণএকটি উপাদান। এই সুগার অস্থিরতা বাড়িয়ে দেয়। মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে।
সমাধানের পথ :
১. প্রাকৃতিক খাবার খান : প্রাকৃতিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হোন। আমাদের খাদ্যের ৮০ ভাগ হোক প্রাকৃতিক ও ঘরের রান্না করা খাবার। হোটেল, রেস্তোরা বা বাইরের খাবার যত কম খাওয়া যায় তত ভালো। হার্ভার্ডের গবেষণা বলছে, যারা সপ্তাহে অন্তত ৫ দিন বাসায় রান্না করা খাবার খান, তাদের ক্রনিক রোগের ঝুঁকি ৪০% কমে যায়। সন্তানকে ঘরের তৈরি খাবার দিন।
২. শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর নয়– পরিবেশ বদলাতে হবে : ক. ফল, বাদাম, খেজুর বা সেদ্ধ ডিম, অর্থাৎ স্বাস্থ্যকর খাবারগুলো চোখের সামনে ও হাতের কাছে রাখতে হবে। খ. আল্ট্রা-প্রসেসড খাবার ঘরে রাখব না বা অন্তত চোখের আড়ালে রাখব।
৩. বাদ দেব না- বিকল্প গ্রহণ করব : যে-কোনো অভ্যাস রাতারাতি বদলানো যায় না। একবেলা স্বাস্থ্যকর খাওয়া নিয়মিত হলে, ধাপে ধাপে বাকিটাও বদলে যাবে।
• চিপস → ভাজা ছোলা / চিনাবাদাম
• মিষ্টি পানীয় → লেবু পানি / ডাবের পানি/ গুড়ের শরবত
• বিস্কুট → ফলের সাথে বাদাম/ ঘরে বানানো পিঠা বা অন্যান্য
৪. “ক্রেভিং”-এর পেছনের —কারণ’ কে বুঝতে চেষ্টা করুন । নিজেকে প্রশ্ন করুন
• আমি কি সত্যিই ক্ষুধার্ত- নাকি বিরক্ত?
• আমি কি ক্লান্ত- নাকি মানসিক চাপে আছি?
• আমি কি আবেগ থেকে খেতে চাইছি নাকি শরীরের প্রয়োজন? বেশিরভাগ জাঙ্ক ফুডের চাহিদা কিন্তু পুষ্টির নয়
—আবেগের সংকেত’।
৫. সচেতনভাবে খাব (এটাই অনেক কিছু বদলে দেয়) : খাওয়ার সময় ফোন নয়, স্ক্রলিং নয়, টিভি নয়। খাওয়ার সময় ধীরে খাব। ভালোভাবে চিবিয়ে মনোযোগ দিয়ে খাব। খাবার যত চিবিয়ে খাওয়া যায় তত পেটভরার অনুভূতি বাড়ে। পুষ্টিবিজ্ঞানী মার্ক ডেভিড এর পরামর্শ হলো- হুড়মুড় করে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়বেন না। ১০/ ১২ বার গভীরভাবে দম নিন তারপর কৃতজ্ঞচিত্তে প্রার্থনা করে খাওয়া শুরু করুন। এতে হজম প্রক্রিয়া ভালো হয়।
৬. আগে ঘুম ও মানসিক চাপ ঠিক করুন : আলট্রা প্রসেডড ফুড বেশি খাওয়া হয় যখন আমরা রাত জাগি। ঘুমের ব্যাঘাত হলেই আমাদের মুডের ওপর বিশাল প্রভাব ফেলে। তাই পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা খেয়াল করুন। দিনে দুবেলা আধঘণ্টা করে মেডিটেশন করুন। ঘুম ভালো হবে এবং মানসিক চাপ কমবে। অনেকে বলেন, ‚ছাড়তে তো চাই, কিন্তু পারি না।” আসক্তি কাটানোর জন্যে মেডিটেশন বা কোয়ান্টাম মেথড এক পরীক্ষিত সমাধান। নিয়মিত মেডিটেশন আমাদের ইচ্ছাশক্তি বাড়াবে এবং ক্ষতিকর খাবারের প্রতি আকর্ষণ কমাবে।
৭. লেবেল পড়ার অভ্যাস করুন : সচেতনতা শুরু করতে হবে নিজে থেকেই। কেনার আগে প্যাকেটের গায়ে যদি দেখি ৫টির বেশি অচেনা রাসায়নিক নাম তাহলে সেটা কিনব না। আর সচেতনভাবে বাদ দেব যেসব খাবারে সাদা চিনি আছে।
উপসংহার : আল্ট্রা প্রসেসড খাবার শুধু খাদ্য নয়, এগুলো একটি নীরব মহামারি। আসুন, আজ থেকে আমরা সচেতন হই।
• আমাদের শরীরকে ডাস্টবিন বানাব না।
• আমরা রাসায়নিক ল্যাবরেটরির পণ্য নয়, প্রাকৃতিক খাবার খাব।
• মনে রাখব আমার প্রতিটি খাবারের লোকমা নির্ধারণ করছে – আগামী ১০ বছর পর আমি রোগজর্জরিত থাকব নাকি সু্স্থ কর্মময় জীবন কাটাব। সিদ্ধান্ত আমার। আসুন, প্রাকৃতিক খাবার খাই, সুস্থ থাকি, ভালো থাকি।
