আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয়তাবাদী শ্রমিক দলের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর একটি গোষ্ঠী ২০২৪ সালের একটি পুরনো কমিটির ভুয়া তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিক দলের সংবাদ সম্মেলনে এ অভিযোগ উঠে আসে।
কলেজ রোডে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইয়াদ আলী। তিনি বলেন, গত ১ মে বর্তমান দায়িত্বপ্রাপ্ত জেলা কমিটির উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার বৈধ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই দিন রাতেই একটি কুচক্রী মহল ২০২৪ সালের একটি ভুয়া কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিমূলক।
ইয়াদ আলী আরও বলেন, কম্পিউটারে তৈরি জাল দলিলে জেলা কমিটির সভাপতির সিল জাল করে স্বাক্ষরবিহীন তালিকা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালানো হয়েছে। তিনি এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা সহ-সভাপতি ইব্রাহিম মোল্যা, শাহিন মোল্লা, রাজন মিয়া, ভজন বিশ্বাস, সাধারণ সম্পাদক মকিনুর শিকদার, পৌর সহ-সভাপতি মো. পাখি মোল্লা, রাজিব শেখ, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খোকন শেখ ও ইকরাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের স্থানীয় নেতৃত্ব বিভ্রান্তি কাটাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংগঠনের ঐক্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন
