আজ বিশ্ব শুদ্ধাচার দিবস। বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় নৈতিকতা, সততা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরার জন্য। “শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ” – এই কথাটির গভীরতা অসীম। শুদ্ধাচার কেবল সরকারি কার্যালয় বা প্রতিষ্ঠানের জন্য নয়, এটি ব্যক্তি জীবনেরও অপরিহার্য অঙ্গ।
শুদ্ধাচার কী?
শুদ্ধাচার বলতে আমরা বুঝি সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও নৈতিকতাপূর্ণ আচরণ। এটি একটি জীবনদর্শন, যেখানে ব্যক্তি লোভ-লালসা, অসততা ও অন্যায়ের বিপরীতে দাঁড়ায়। শুদ্ধাচার শুধু বড় বড় কাজে নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও প্রকাশ পায়।
শুদ্ধাচার ও ভালো মানুষ
একজন শুদ্ধাচারী ব্যক্তি প্রকৃত অর্থেই ভালো মানুষ, কারণ:
১. সততা: শুদ্ধাচারের প্রথম স্তম্ভ হল সততা। সৎ ব্যক্তি সমাজের আস্থা অর্জন করে এবং অন্যের জন্য নির্ভরযোগ্য হয়ে ওঠে।
২. ন্যায়পরায়ণতা: শুদ্ধাচারী মানুষ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ন্যায়ের পক্ষে কথা বলে। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
৩. দায়িত্ববোধ: শুদ্ধাচারী ব্যক্তি তার কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালন করে, যা তাকে প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলে।
৪. অন্যায়ের প্রতিবাদ: শুদ্ধাচারী মানুষ শুধু নিজেই অসৎ পথে চলে না, বরং অন্যায় দেখলে তার প্রতিবাদ করে।
৫. সমাজের জন্য মডেল: একজন শুদ্ধাচারী ব্যক্তি সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হয়ে ওঠে এবং অন্যদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করে।
ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে শুদ্ধাচার
শুদ্ধাচার শুরু হয় ব্যক্তিগত জীবনে। যখন আমরা প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থানে শুদ্ধাচারী হব, তখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এর প্রভাব পড়বে। একটি শুদ্ধাচারী সমাজে দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায় ও অবিচারের পরিমাণ কমে যায়। জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হয়, জনগণের আস্থা বৃদ্ধি পায়।
বিশ্ব শুদ্ধাচার দিবস ২০২৬-এর প্রত্যয়
২০২৬ সালের বিশ্ব শুদ্ধাচার দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক:
· আমরা ব্যক্তিগত জীবনে শুদ্ধাচারী হব
· পরিবার ও সমাজে সততার চর্চা করব
· অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব
· দেশ ও সমাজ গঠনে সৎ ও ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করব
সোনার দেশ গড়তে চাই শুদ্ধাচারী মানুষ; শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ।
শুদ্ধাচার ধর্মের ফলিত রূপ, ভালো মানুষের ভূষণ
যাপিত জীবনের করণীয়-বর্জনীয়ের ব্যাপারে প্রয়োজনীয় সকল দিক-নির্দেশনা রয়েছে ধর্মে। আর ধর্মের ফলিত রূপ-ই শুদ্ধাচার। একজন মানুষ যদি ধর্মের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করেন তাহলেই তিনি হবেন শুদ্ধাচারী মানুষ, ভালো মানুষ। শুদ্ধাচার এই ভালো মানুষেরই ভূষণ।
ভালো মানুষ কখনো দুরাচারী হতে পারে না। শোষণ জুলুম নিপীড়ন করতে পারে না। অন্যায় করতে পারে না। অন্যের হক নষ্ট করে না।
ব্যবহারিক জীবনে পালনীয় ও বর্জনীয় কাজ, যার প্রতিফলন পড়ে ধার্মিকের দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ডে- তার সবটার গ্রন্থিত রূপই হচ্ছে শুদ্ধাচার।
শুদ্ধাচারী মানুষ কেন প্রয়োজন?
গত ৩ দশকে আমাদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে- এটা আমাদের জন্যে আনন্দায়ক। কিন্তু একই সাথে ভাববার বিষয় হলো, আমরা পিছিয়ে পড়ছি আচার আচরণ ও নৈতিকতায়। মনুষ্যত্ব ও মানবিকতায়। যার নিদর্শন পত্রিকার পাতা উল্টালেই পাওয়া যায়।
দুর্বলকে শোষণ করে শক্তিমান যারা, তারা যদি শুদ্ধাচারী হয় তাহলে শোষণের বদলে দুর্বলকে তারা নিরাপত্তা দেবে। কারণ শুদ্ধাচারী মানুষ জালিম হন না, হন রক্ষক। নিজের মতকে তারা যেমন সম্মান করেন, তেমনি সম্মান করেন আরেকজনের মতামতকে। ফলে মতের অমিল হওয়ার প্রতিক্রিয়া তারা শক্তি প্রয়োগ করে নয়, সমর্মিতার সাথে করেন। স্রেফ এই একটি গুণই পারে বর্তমান সময়ের জুলুম-নিপীড়ন অনেকাংশেই কমাতে।
একজন শুদ্ধাচারী মানুষ নিজের স্বার্থটাকে আগে রাখেন না, অন্যের স্বার্থে ভাগ বসানো তো দূর। ফলে অন্যের হক নষ্ট করে নিজে আঙুল ফুলে কলাগাছ তারা হবেন না এটাই স্বাভাবিক। এই একটি গুণ থাকলে বহুলাংশেই কমে যাবে দুর্নীতি, ভেজাল, দখলদারিত্ব, সিন্ডিকেটবাজি। পরিণামে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।
আসলে সোনার দেশ গড়তে লাগে সোনার মানুষ। আর সোনার মানুষ গড়তেই এখন শুদ্ধাচারের চর্চা খুব প্রয়োজন।
শুদ্ধাচারের এই প্রয়োজনীয়তা কোয়ান্টাম অনুধাবন করেছে বহু আগেই
আর তার অংশ হিসেবে ২০০৬ সাল থেকে মোট ১১ পর্বে পকেট ফোল্ডার আকারে প্রকাশ করেছে ‘শিষ্টাচার কণিকা’। তারপর একযুগেরও বেশি সময় ধরে পরিমার্জন ও পরিবর্ধনের পর ২০২০ সালের একুশের গ্রন্থমেলায় প্রকাশ করে ‘শুদ্ধাচার’ বই। যা ইতিমধ্যে পৌঁছে গেছে লাখো মানুষের হাতে।
পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর অধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গ্রন্থাগারে বইটি রাখার নির্দেশনা জারি করে। ফলে শিক্ষার্থীদের জন্যে সুযোগ সৃষ্টি হয়েছে জীবনের বিভিন্ন পর্যায়ে শুদ্ধাচার শেখা।
শুদ্ধাচারকে ঘরে ঘরে পৌঁছে দিতে কোয়ান্টাম ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছরের ১ম শুক্রবার বিশ্ব শুদ্ধাচার দিবস পালনের। সেই হিসেবে আগামীকাল ২ জানুয়ারি ২০২৬ প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে দিবসটি ‘শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ’ এই প্রতিপাদ্য নিয়ে।
আসুন শুদ্ধাচারী হই!
অনুষ্ঠানটিতে অংশ নিন সপরিবারে। কারণ শুদ্ধাচারী জাতি নির্মাণে শুদ্ধাচারের চর্চা শুরু হতে হবে পরিবার থেকে; ব্যক্তির শুদ্ধাচার চর্চার লালনভূমি তার পরিবার। পরিবারে শুদ্ধাচারের চর্চা শুরু হলে তা ছড়িয়ে পড়বে চারপাশে, সমাজে। তার শুভ প্রভাব পড়বে জাতীয় জীবনে। ব্যক্তি, পরিবার এবং সমাজ শুদ্ধাচারী হলেই দুর্নীতি ও অনাচারমুক্ত স্বপ্নের সোনার দেশ গড়ে উঠবে। সম্পদের সুষম বণ্টন হবে। সাধারণ মানুষ লাভবান হবে ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি থেকে।
তাই আসুন বিশ্ব শুদ্ধাচার দিবসে অঙ্গিকার করি শুদ্ধাচারী হওয়ার। জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধাচারের চর্চা করি। সন্তানকে ছোটবেলা থেকে শুদ্ধাচার শিক্ষা দেই। কোয়ান্টাম ফাউন্ডেশন প্রকাশিত ‘শুদ্ধাচার’ বইটি রাখি ব্যক্তিগত গ্রন্থাগার, পড়ার টেবিল, কাজের ডেস্ক, হাতে কাছে। কারণ বর্তমান সময়ে শুধু শুদ্ধাচার নিয়ে একক গ্রন্থ সংকলন আমাদের জানামতে এই বইটি ছাড়া নেই আর একটিও!
উপসংহার
শুদ্ধাচার শুধু একটি গুণ নয়, এটি মানবিকতার প্রকাশ। শুদ্ধাচারী মানুষ প্রকৃত অর্থেই ভালো মানুষ, কারণ তারা সমাজের কল্যাণে কাজ করে এবং ইতিবাচক পরিবর্তনের ধারক হয়ে ওঠে। আসুন, আমরা সবাই শুদ্ধাচারকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনের অঙ্গীকার হিসেবে গ্রহণ করি। তবেই আমরা একটি সুন্দর, ন্যায়নিষ্ঠ ও উন্নত সমাজ গড়ে তুলতে পারব।
“সততাই সর্বশ্রেষ্ঠ নীতি, শুদ্ধাচারই সর্বোৎকৃষ্ট জীবনপদ্ধতি।”
সবাইকে বিশ্ব শুদ্ধাচার দিবসের প্রাণঢালা শুভেচ্ছা!
