মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৮) দাফন সম্পন্ন হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহত এ শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার(২৫ জুলাই) সকাল ৯টায় স্থানীয় শামসুল উলুম মাদ্রাসা মাঠে রাইসার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি অংশ নেন। এরপর বাজড়া গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
রাইসার পিতা মো. শাহাবুল শেখ মিরপুরে একটি গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিন সন্তানের মধ্যে রাইসা ছিলেন মেঝো। নিখোঁজ থাকার একদিন পর ঢাকা সিএমএইচে তার মৃতদেহ শনাক্ত করা হয়। তবে দেহ ৮০% পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে শনাক্ত করা হয়। সিআইডির ফরেনসিক ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের পরিচয় নিশ্চিত করা হয়, যাদের মধ্যে রাইসাও ছিলেন।
রাইসার মৃতদেহ গ্রামের বাড়িতে আনার পর থেকেই বাজড়া গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়ে। তার হঠাৎ প্রস্থানে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিবেশী ও আত্মীয়দের সহানুভূতিতে শোক ভারী হয়ে ওঠে।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা রাইসার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকেই এই মর্মান্তিক ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শেষ শ্রদ্ধা: রাইসার কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তার সহপাঠী, ও আত্মীয়রা। একটি অসামান্য প্রাণের অকালপ্রয়াণে সবাই কেঁদে ওঠে।
