শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, হত্যা মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়। পরে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেয়ার কথা বলেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *