৭ দিনে জবি ছাত্রদলে ৩৪০ জনের সদস্য ফরম সংগ্রহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রথম সাত দিনে ৩৪০ জন শিক্ষার্থী সদস্য ফরম সংগ্রহ করেছেন। গত মাসের ২৬ জুন থেকে শুরু হওয়া এ কার্যক্রম এখনো চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্য সংগ্রহ কার্যক্রমে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। সংগঠনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৪০ জনের মধ্যে ৩৩০ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী সদস্য ফরম নিয়েছেন।

সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের ১৮, ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে।

ছাত্রদল সূত্রে জানা যায়, নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্য হলো সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করা এবং আগ্রহী ও সচেতন শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করা। সদস্য সংগ্রহের পর যাচাই-বাছাইয়ের ভিত্তিতে একটি সুসংগঠিত ও কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে। 

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির মাধ্যমে একটি উদ্যমী, আদর্শনিষ্ঠ ও সচেতন ছাত্র নেতৃত্ব তৈরি হবে, যারা গণতন্ত্র, শিক্ষার্থীদের অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,  ‘ছাত্রদল সবসময় গণতান্ত্রিক চেতনা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কাজ করে এসেছে। নতুন প্রজন্মের আগ্রহ দেখে আমরা আশাবাদী। প্রথম সপ্তাহেই ৩৪০ জন শিক্ষার্থীর ফরম সংগ্রহ প্রমাণ করে, ছাত্রদলের প্রতি আস্থা বাড়ছে।’

তিনি আরো জানান, এই কর্মসূচি মাসব্যাপী চলবে এবং আগামী ৬ জুলাই (রবিবার) থেকে সংগঠনের দীর্ঘদিনের কর্মীদের মধ্যেও সদস্য ফরম বিতরণ শুরু হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *