অন্যের সাহায্যের অপেক্ষায় থাকা

আপনার অগ্রগতির পথে একটা বড় বাধা হতে পারে অন্যের সাহায্যের অপেক্ষায় থাকার মানসিকতা। এ নিয়ে গল্প আছে।

এক এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গবাদি পশু, মানুষ সব ভেসে যাচ্ছে। এসময় একটি লোক আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল, হে আল্লাহ তুমি আমাকে উদ্ধার কর। কিছুক্ষণের মধ্যে দেখা গেল একটি নৌকা আসছে এদিকে।

মাঝি লোকটিকে নৌকায় উঠে আসতে বলল। কিন্তু সে রাজী হলো না। বলল, নৌকার দরকার নেই। আল্লাহই আমাকে উদ্ধার করবেন। নৌকা চলে গেল। পানি আরো বাড়তে লাগল। তার ঘরের অর্ধেকরও বেশি অংশ ডুবে গেল। সে ঘরের মধ্যে চৌকি দিয়ে মাচা করে তার ওপর উঠে দাঁড়াল।

এর মধ্যে সেনাবাহিনীর পেট্রোল বোট অর্থাৎ স্পীডবোট যখন এদিক দিয়ে যাচ্ছিল তাকে দেখল এবং বলল, উঠে এসো। আমরা বন্যাদুর্গতদের উদ্ধার করছি। সে তাদেরকেও বিদায় করে দিল এই বলে যে, আমি আপনাদের সাথে যাব না। আল্লাহই আমাকে উদ্ধার করবেন। স্পীডবোট চলে গেল।

এবার পানি বেড়ে তার ঘরের চাল পর্যন্ত উঠে গেল। সে গিয়ে দাঁড়াল চালের ওপর। এমন সময় ওপর দিয়ে আর্মির হেলিকপ্টার তাকে দেখতে পেয়ে সাথে সাথে রশি ফেলে বলল, এই রশি ধর। আমরা তোমাকে উঠিয়ে নিচ্ছি। সে বলল, আমি রশি ধরব না, আল্লাহই আমাকে উদ্ধার করবেন।

পানি আরো বাড়ল এবং পানিতে ডুবে সে শেষ পর্যন্ত মারাই গেল। মারা গিয়ে যখন সে আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হলো, ফেরেশতাদের সঙ্গে দেখা হওয়ার পর বলল, আমি আল্লাহকে এত ডাকলাম, অথচ তিনি আমার কথা শুনলেন না।

ফেরেশতারা বলল যে দেখ, আল্লাহ তো প্রথমে ডিঙি নৌকা পাঠালেন, তারপর স্পীড বোট পাঠালেন, তারপর হেলিকপ্টার পাঠালেন। তারপরও যদি তুমি না ওঠ তাহলে আল্লাহ তোমাকে কীভাবে রক্ষা করবেন? কীভাবে বাঁচাবেন?

বেশিরভাগ মানুষের অবস্থা আসলে এরকমই। তারা ভাবে অমুকে তাকে সাহায্য করবে। অমুক একটু দেখলে বোধ হয় তার অবস্থা এরকম হতো না। তার তো কেউ নেই, তাই তার হবে না। বা তারা তাদের ব্যর্থতার জন্যে বাহ্যিক অবস্থাকে দায়ী করে। কিন্তু সফল মানুষেরা তাদের নিজেদের দায়িত্ব নিজেরা নেয় এবং অবস্থা বদলাবার জন্যে নিজেরা উদ্যোগ নেয়।

তারা বিশ্বাস করে প্রতিকূলতা যতই থাকুক সেটাকে তারা অতিক্রম করতে পারবে। অন্যদের অপেক্ষায় না থেকে তারা নিজেরাই শুরু করে দেয়। কাজেই আপনার ব্যর্থতার কারণ আপনি নিজেই খুঁজে দেখুন। দেখুন বসের সাথে ভুল বোঝাবুঝি নিরসনে আপনি নিজে কী উদ্যোগ নিতে পারেন? বার বার কি আপনি একই ভুল করছেন? কাজ না করে কাজের প্রস্তুতি নিতে গিয়েই কি সময় নষ্ট করে ফেলছেন?