ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বেল বানা গ্রামের কৃতি সন্তান উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. ইমরান আলী বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ-২০২৫)’ অর্জন করেছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রদত্ত এই ব্যাজ পুলিশ সদস্যের জন্য এক বিরল ও গৌরবময় স্বীকৃতি। জানা গেছে, দায়িত্ব পালনে সততা, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নির্বাচিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে এ সম্মনায় ভূষিত করা হয়। এসআই ইমরান আলী সে বছরের এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন, যা তার কর্মজীবনের এক উজ্জ্বল অধ্যায়। ইমরান আলীর এই সাফল্যে তার নিজ গ্রাম বেল বানা থেকে শুরু করে গোটা আলফাডাঙ্গা উপজেলায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলছেন, ‘এসআই ইমরান আলী শুধু একটি গৌরবময় ব্যাজই অর্জন করেননি, তিনি এই অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত ও পথপ্রদর্শক।
স্থানীয় শুভাকাঙ্ক্ষী ,এস এম কাম্রুজ্জামান বলেন ‘ইমরানের এই সাফল্য প্রমাণ করে, গ্রামের মেধা ও সততা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্মানিত হতে পারে।’ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই কৃতিত্ব ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকে তাকে ‘আলফাডাঙ্গার গর্ব’ বলে আখ্যায়িত করছেন।
ইমরান আলীর পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সবার প্রত্যাশা, সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের আরও উচ্চতর পদে আসীন হবেন এবং দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আলফাডাঙ্গার নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করবেন। ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ অর্জন প্রসঙ্গে এসআই ইমরান আলী বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ও আমার উর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনাই আজ আমাকে এই স্বীকৃতি এনে দিয়েছে। দেশ ও জনগণের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে আমি সবসময় কাজ করে যেতে চাই।’
