ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বন বিভাগের রোপণ করা সরকারি গাছ মধ্যরাতে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন উপজেলা বন কর্মকর্তা।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের লাঙ্গুলিয়া-বিদ্যাধর সড়কের দুই পাশে বন বিভাগের রোপণ করা বড় বড় শিশু ও মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বেশ কিছুদিন ধরে রাতের বেলায় কে বা কারা গাছ কেটে নিয়ে যাচ্ছে। উপজেলা বন বিভাগ সড়কের দুই ধারে গাছের চারা রোপণ করেছিল। গাছগুলো বড় হওয়ার পর এখন যার যার মতো করে কেটে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গাছের গোড়া পেয়েছি। বিদ্যাধর গ্রামের সৈয়দ বাবু ও গাজী রিয়াজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে আদালতে মামলা করেছি।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ৪ নং ওয়ার্ড সদস্য সৈয়দ শরিফুল ইসলাম বলেন, “সরকারের বন বিভাগ কষ্ট করে গাছ রোপণ করেছে। যারা মধ্যরাতে এই গাছ চুরি করে কেটে নিয়ে যায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
সরকারি গাছ কেটে নেওয়ার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ ও রাতের বেলা টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
