গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩৫৩তম (অধিবর্ষে ৩৫৪তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।
ঘটনাবলি
১৯৯৬ : চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।
জন্ম
১৮৭৩ : স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক।
১৯০৮ : রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সুরকার।
১৯৩৪ : প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।
মৃত্যু
১৯১১ : ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন।
১৯১৮ : ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর।
১৯২৭ : ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আসফাকউল্লা খান।
১৯৮৪ : ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক আবদুল কাদির।
২০২০ : পবিত্র কাবা ঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলি মুনির আল জুনদি।
আবদুল কাদির
আবদুল কাদির ছিলেন একজন বাংলাদেশি কবি, সাহিত্য-সমালোচক ও সাংবাদিক। ছান্দসিক হিসেবে তিনি খ্যাত।
জন্মগ্রহণ করেন ১৯০৬ সালের ১ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে।
১৯২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঁচটি বিষয়ে লেটারসহ ম্যাট্রিক পাস করেন। ১৯২৫ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বিএ পর্যন্ত পড়াশোনা করেন।
১৯৩০ সালে কলকাতা কর্পোরেশনের একটি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার যুগান্তর পত্রিকায় যোগ দেন। ১৯৪২ সালে কবি কাজী নজরুল ইসলামের দৈনিক নবযুগ পত্রিকার বার্তা সম্পাদক নিযুক্ত হন।
আবদুল কাদির বহু কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন। উল্লেখযোগ্য কবিতা ও প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে দিলরুবা (১৯৩৩), উত্তর বসন্ত (১৯৬৭), কবি নজরুল (১৯৭০), ছন্দসমীক্ষণ (১৯৭৯), কাজী আবদুল ওদুদ (১৯৭৬), বাংলা ছন্দের ইতিবৃত্ত (১৯৮৫), যুগকবি নজরুল (১৯৮৬) ইত্যাদি। এগুলোর মধ্যে সাহিত্য সমালোচনা ও ছন্দবিষয়ক গ্রন্থও রয়েছে। তিনি বাংলা ছন্দ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও সামগ্রিক বিশ্লেষণ করেছেন, যা তাঁর ছন্দসমীক্ষণ গ্রন্থে স্থান পেয়েছে।
সাহিত্যকীর্তির জন্যে স্বীকৃতিস্বরূপ আবদুল কাদির বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, একুশে পদক, নজরুল একাডেমি স্বর্ণপদক, কুমিল্লা ফাউন্ডেশন পদক, মোহাম্মদ নাসিরউদ্দীন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
আবদুল কাদির ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
সূত্র: সংগৃহীত
