কবির আহমেদ/ সম্পাদক/ http://RMGBDNEWS24.COM]
একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার ভবন বা পুঁজি নয়, বরং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা। প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজার হিসেবে নেতৃত্বের গুণাবলিই ঠিক করে দেয় একটি প্রতিষ্ঠান কতদূর যাবে। কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চললে কর্মীদের ভালোবাসা ও প্রতিষ্ঠানের সাফল্য—দুটোই অর্জন সম্ভব।
১. সহকর্মী ভাবুন, অধীনস্থ ভাববেন না কর্মীদের “অধীনস্থ” না ভেবে “সহকর্মী” হিসেবে মর্যাদা দিন। মাত্রাতিরিক্ত আনুগত্য প্রত্যাশা করবেন না। অফিসের সব কৃতিত্ব একা নেবেন না, বরং কাজের সাফল্য টিমকে উৎসর্গ করুন। এতে কর্মীদের মধ্যে মালিকানাবোধ তৈরি হবে।
২. স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা কাজের নির্দেশনা সম্ভব হলে লিখিতভাবে দিন। এতে ভুল বোঝাবুঝি কমবে। মাস শেষে বা কাজ শেষ হওয়া মাত্র পারিশ্রমিক পরিশোধ করুন। খুঁটিনাটি কারণে অহেতুক শো-কজ নোটিশ দেবেন না।
৩. সিদ্ধান্তে আবেগ নয়, প্রয়োজনকে প্রাধান্য প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তে ব্যক্তিগত আবেগ নয়, প্রতিষ্ঠানের প্রয়োজনকে গুরুত্ব দিন। কেউ ভালো কাজ করলে সবার সামনে যৌক্তিক প্রশংসা করুন। এতে অন্যরাও অনুপ্রাণিত হবে।
৪. খোলামেলা যোগাযোগ ও ন্যায়বিচার আপনার দরজা সবার জন্য উন্মুক্ত রাখুন। কারো অভিযোগ মনোযোগ দিয়ে শুন। কানকথায় সিদ্ধান্ত নেবেন না। অভিযোগকারীর উদ্দেশ্য ও অভিযুক্তের রেকর্ড যাচাই করুন। প্রয়োজনে সরাসরি কথা বলুন।
৫. মানবিক নেতৃত্ব নবীন কর্মীদের ব্যক্তিগত খোঁজখবর নিন। কর্মীদের জন্মদিন, বিবাহবার্ষিকী, বিশেষ দক্ষতা নথিভুক্ত করুন। দায়িত্ব বণ্টনে তা কাজে লাগবে। নিজেকে ফাদার/মাদার ফিগার মনে করে সবার প্রতি মমতা দেখান।
৬. ইতিবাচক পরিবেশ ও মেডিটেশন সদাচারী, ঠান্ডা মাথার কর্মীই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়। তাই মেডিটেশন চর্চাকে উৎসাহ দিন। নিয়োগের সময় বদমেজাজি ও নেতিবাচক লোক এড়িয়ে চলুন। সিকিউরিটি গার্ডসহ সবার কাজ নিয়মিত মনিটর করুন।
৭. আর্থিক স্বচ্ছতা ও অংশীদারিত্ব আয়-ব্যয় নিয়মিত তদারকি করুন। প্রয়োজনীয় খরচে উদার হোন, অপচয় রোধ করুন। প্রতিষ্ঠানের লাভ-ক্ষতির দায়িত্ব যে সবার—এটি বারবার স্মরণ করিয়ে দিন। আর্থিক সাফল্যের সাথে কর্মীদের সুবিধাও বাড়ান।
৮. ভুল স্বীকার ও টিমওয়ার্ক কোনো সিদ্ধান্ত ভুল হলে তা স্বীকার করুন, দুঃখ প্রকাশ করুন। নতুন সিদ্ধান্তের আগে সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করুন। গেট-টুগেদারে কারো সমালোচনা নয়, বরং ভালো পারফরমেন্সের জন্য টিমকে অভিনন্দন জানান।
সর্বশেষ কথা: প্রতিষ্ঠানকে নিজের সম্পত্তি না ভেবে সবাইকে অংশীদার ভাবুন। আপনি নিয়ম মানলে অন্যরাও মানবে। সমমর্মী নেতৃত্বের মাধ্যমেই কেবল একটি প্রতিষ্ঠান টেকসই সাফল্য ও সুনাম অর্জন করতে পারে।
