বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২৩ ‘শ্রেণি খ’-তে প্রথম পুরস্কার পেল কোয়ান্টাম ফাউন্ডেশন। ৫ জুন ২০২৪ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এ প্রতিষ্ঠানের এগ্রো রিসোর্সের কো-অর্ডিনেটর রাবিয়া নাজরীন।
কোয়ান্টাম ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকেই সদস্য ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বৃক্ষরোপণ করে আসছে বান্দরবানের লামা উপজেলায়। আম, কাঁঠাল, লিচু, লেবু, কলা, আমলকি, জাম্বুরা, কামরাঙা, বরই দিয়ে মিশ্র ফলের বাগানের পাশাপাশি ৮৪ প্রজাতির ফুল, ৩৩ প্রজাতির ঔষধি, মসলা, শোভাবর্ধনকারী এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদবাগান সৃজন করছে নিয়মিতভাবে। এ বনায়ন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যে ফেলেছে ইতিবাচক প্রভাব। বাংলাদেশের অন্যতম স্বাস্থ্যকর ও প্রকৃতিবান্ধব এই জনপদটি এখন প্রায় হাজার প্রজাতির উদ্ভিদ, ৩০০ প্রজাতির পাখি ও ২০০ প্রজাতির প্রজাপতির নিরাপদ আবাসস্থল।
বৃক্ষরোপণে এ গুরুত্বপূর্ণ অবদানের জন্যে ‘শ্রেণি খ’-তে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনকে। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, অধিদপ্তর, পরিদপ্তর, সেক্টর, কর্পোরেশন, প্রতিষ্ঠান, এনজিও, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ‘খ’ শ্রেণিভুক্ত পুরস্কারের অন্তর্ভুক্ত।
