ঢাকা, ২ জুলাই ২০২৬: পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি ও হয়রানির শিকার হয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একটি পোশাক কারখানার জেনারেল ম্যানেজার (এডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মোঃ বদিউজ্জামান। তার অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, গত ২৮ বছর ধরে বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টসে কর্মরত জনাব বদিউজ্জামান বিভিন্ন সময়ে হুমকির সম্মুখীন হন এবং কোন কোন ক্ষেত্রে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হন। তথাপিও কতিপয় দুষ্কৃতকারী তাঁকে অব্যাহতভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে।
সর্বশেষ গত ১৫ জুন ২০২৬ তারিখে দুপুর দেড়টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। স্কুল শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী তার মেয়ে জেমাইমা কাবেরী জামানকে রিকশা থামিয়ে বাবার (বদিউজ্জামান) অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। একপর্যায়ে তারা নাবালক বালিকাকে ভয়-ভীতি দেখিয়ে সতর্ক করে যে, বাবা যদি তাদের সঙ্গে যোগাযোগ না করেন, তাহলে ‘খারাপ পরিণতি’ ভোগ করতে হবে, এমনকি মেয়েটিকে মৃত্যুর হুমকি দেয়া হয় । এতে নবম শ্রেণির ছাত্রীটি ভীত ও বিপর্যস্ত হয়ে পড়ে।
উল্লেখ্য, ওই ঘটনার সময় বদিউজ্জামান স্ত্রীকে নিয়ে কানাডা ও আমেরিকা সফরে ছিলেন। সে সময় মেয়ের বার্ষিক পরীক্ষা থাকায় তাকে নিয়ে যেতে পারেননি তিনি।
বদিউজ্জামান তার জিডিতে আরও উল্লেখ করেছেন, আরএমজি সেক্টরে প্রশাসন ও কমপ্লায়েন্স পদে কর্মরত অনেক পেশাজীবীই ছাঁটাই বা শ্রমিক সংগঠনের কর্মকাণ্ডের কারণে একই রকম হুমকি ও হয়রানির শিকার হন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
জিডি নম্বর: ৬৯/০১ জুলাই ২০২৬ আবেদনকারী: মো. বদিউজ্জামান।
এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে, শিল্প-প্রশাসকরা প্রায়ই চাকরি সংক্রান্ত আইনগত সিদ্ধান্ত নিতে গিয়ে ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েন। সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষের কাছে এ ধরনের ঘটনা গুরুত্ব সহকারে দেখার এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
