আলফাডাঙ্গায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

https://www.facebook.com/reel/968473986174094

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

‘গ্রামীণ উন্নয়নই জাতির উন্নয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই দিবসের গুরুত্ব অপরিসীম ।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, মৎস্য কর্মকর্তা তরুন বসু, সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এবং প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সরোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি মডেল (পাইলট) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রায় পল্লী উন্নয়নের বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে পল্লী অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে এসব লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে । ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মতো প্রান্তিক অঞ্চলগুলোর উন্নয়নে এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন বক্তারা।