উত্তর সিকিমের সীমান্ত এলাকার ফাইল ছবি
চীন ও ভারতের সীমান্তে উত্তর সিকিমের নাকুলা-তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাঁচদিন আগে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সংঘর্ষে দুপক্ষের সেনারাই আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভারতের পক্ষ থেকে এটিকে অবশ্য ‘তুচ্ছ ঘটনা’ বলে বর্ণনা করে সংঘর্ষকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। চীনের পক্ষ থেকে নাকুলার ঘটনা নিয়ে এখনো কোন বিবৃতি আসেনি।
ভারতীয় সেনারা সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, “নাকুলার ঘটনায় প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে স্থানীয় কমান্ডাররাই বিষয়টির মিটমাট করে নিয়েছেন।”
তবে গত সাত মাসের মধ্যে এই প্রথম ভারতীয় বাহিনীর পক্ষ থেকে চীন সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নেওয়া হল।
এর আগে গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২০জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। সেই সংঘর্ষে চীনের দিকের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
সেই সংঘর্ষের পরে সীমান্তে উত্তেজনা নিরসনের চেষ্টায় দুদেশের মধ্যে সামরিক স্তরে যে আলোচনা শুরু হয়েছিল, তা অবশ্য এখনও অব্যাহত থাকলেও অবস্থা যে এখনো প্রতিকুলে রয়েছে এই সংঘর্ষ সেটাই প্রমাণ করে।
