নিজের লক্ষ্য পূরণে নীরবে কাজ করুন

স্বপ্ন সবাই দেখে, কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না। এর অন্যতম কারণ হলো, আমরা কাজ শেষ হওয়ার আগেই স্বপ্নের কথা সবাইকে বলে ফেলি। মনে রাখবেন, যে কাজ নীরবে করা যায়, সে কাজ যত নীরবে করবেন ততই মঙ্গল। বিখ্যাত মনোবিজ্ঞানীদের গবেষণা বলছে, লক্ষ্য আগেই সবাইকে বলে দিলে মস্তিষ্কে এক ধরনের আত্মতৃপ্তি তৈরি হয়, যেন কাজটি হয়েই গেছে। ফলে কাজের প্রতি আগ্রহ কমে যায়। একে বলা হয় ‘Social Reality’।

আপনার লক্ষ্য সবাইকে বলবেন না, এর ৩টি বড় কারণ রয়েছে:

১. নিরুৎসাহিতকারীরা আপনাকে থামিয়ে দেবে: ধরুন আপনি বললেন, আপনি প্রধানমন্ত্রী হতে চান। প্রথম দলটি বলবে, “তুমি প্রধানমন্ত্রী হবে! আর লোক পেল না!” তাদের এই ঠাট্টা-তামাশা আর নেতিবাচক কথায় আপনি নিজেই নার্ভাস হয়ে যাবেন। মনে হবে, “আমি কি আসলেই ভুল করছি?”

২. শত্রু তৈরি হবে বিনা কারণে: দ্বিতীয় দলটি আপনার লক্ষ্যকে নিজের জন্য হুমকি মনে করবে। সে ভাববে, “এ তো আমার প্রতিপক্ষ!” তখন আপনি কাজ শুরু করার আগেই সে আপনার বিরোধিতা শুরু করবে। আপনার পথে অদৃশ্য বাধা তৈরি হবে।

৩. বিশ্বাসীর সংখ্যা খুবই কম: তৃতীয় আরেকটি দল আছে, যারা হয়তো বিশ্বাস করবে যে আপনি পারবেন। কিন্তু এই দলের সংখ্যা খুবই কম, তারা সংখ্যালঘু। তারা আপনাকে প্রকাশ্যে সাহস দেবে না। ফলে বেশি লোককে জানিয়ে লাভের চেয়ে ক্ষতিই বেশি।

তাহলে কী করবেন?শুধু সংশ্লিষ্টদের সাথে আলোচনা করুন: আপনি যদি একটি বিজনেস ডিল করতে যান, তবে শুধু তার সাথেই আলোচনা করুন যিনি এই বিষয়টি বোঝেন এবং আপনাকে সহযোগিতা করতে পারবেন। অযথা সবার সাথে আলাপ করার প্রয়োজন নেই।

শুধু শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিন: যাকে আপনি নিশ্চিতভাবে জানেন যে সে আপনার ভালো চায়, শুধু তার পরামর্শই নিন। সবার পরামর্শ আপনার লক্ষ্যকে ঝাপসা করে দেবে। মনে রাখবেন, বীজ মাটির নিচে অন্ধকারে নীরবে অঙ্কুরিত হয়, আলোতে নয়। আপনার স্বপ্নটিও তেমন। তাকে নীরবে যত্ন করুন, পরিশ্রমের পানি দিন। যখন তা মহীরুহ হবে, তখন পৃথিবী এমনিতেই তার ছায়া দেখতে পাবে।

কবির আহমেদ লিনজু ,মোটিভেশনাল ট্রেইনার।