বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত

গাজীপুর জেলা সংবাদদাতা:
নেতৃত্বের বিকাশ, পারস্পরিক বন্ধন সুদৃঢ়করণ এবং পারিবারিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরে দিনব্যাপী লিডারশিপ লার্নিং সামিট ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস (বিডিআরএমজিপি) এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের একটি মনোরম রিসোর্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সজীবুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসটেইনেবল বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুজ্জামান রবিন, আরএমজি বিডি নিউজ ২৪.কমএর সম্পাদক কবির আহমেদ লিনজু , ইসরা ট্রেড অ্যান্ড সার্ভিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ রাজিব উদ্দিন তুমুল, আরএসসি বিশেষজ্ঞ ইয়াসমিন মল্লিক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত পরিচালক মো. আল-আমিন, টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) সৈয়দ শরিফুল আলম এবং ফ্যাবিক্সা সোর্সিং গ্রুপের সিইও নাসির মাহমুদ পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ২০২৬-২৭ বর্ষের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল-মামুন, এক্সিকিউটিভ সেক্রেটারি সাদ্দাম হোসেন জনি ও জেনারেল সেক্রেটারি সোহেল রানা সবুজ।
দিনব্যাপী আয়োজনে নেতৃত্ব বিকাশ বিষয়ক বিভিন্ন সেশন, অভিজ্ঞতা বিনিময়, অনুপ্রেরণামূলক আলোচনা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ছিল আনন্দঘন পারিবারিক মিলনমেলা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সজীবুল ইসলাম বলেন, “কার্যকর নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”

অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

See less