মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শিশু-কিশোর সমাবেশে লামা উপজেলায়, বান্দরবান জেলায় এবং চট্টগ্রাম বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টারা। দুই যুগের ধারাবাহিকতায় ২০২৬ সালে কোয়ান্টাদের এ সাফল্য পেয়েছে নতুন মাত্রা।

বরাবরের মতো এবারও বান্দরবান জেলায় এবং চট্টগ্রামের বিভাগীয় পর্যায়ের কুচকাওয়াজে দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ অর্জন করে বিশেষ সম্মাননা পুরস্কার। প্রসঙ্গত, এতে ২৯ জন মেয়ে শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত চৌকস প্যারেড দলের পরিবেশনায় মুগ্ধ হন দর্শনার্থীরা।

বান্দরবান পার্বত্য জেলা স্টেডিয়ামে চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার সবকটিতেই শীর্ষস্থান অধিকার করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এ বছর প্যারেডে অংশ নেয় ৬৪ জন কোয়ান্টার সমন্বয়ে গঠিত ছোট ও বড় দল। উভয় দলে ছিল ৩২ জন কোয়ান্টা। এছাড়াও ছিল ২৩ সদস্যের ব্যান্ড দল এবং ১৪৬ জন ক্ষুদে কোয়ান্টার সমন্বয়ে গঠিত ডিসপ্লে দল। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রহমান। কোয়ান্টাদের নৈপুণ্যে বিমোহিত দর্শকরা করতালির মাধ্যেমে জানান তাদের উচ্ছ্বসিত অভিনন্দন। 

উপজেলা পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হয় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতি বছরের মতো প্যারেড ও ডিসপ্লেতে মনোমুগ্ধকর পারদির্শতা দেখায় কোয়ান্টারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বান্দরবান লামায় ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের ২২ জাতিগোষ্ঠীর আড়াই হাজারের বেশি শিক্ষার্থীর পড়াশোনা ও ভারণপোষণের সার্বিক ব্যয়বহন করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। শিক্ষার্থীরা এখানে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে, যা সারাদেশে সৃষ্টি করেছে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এ শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্পন্ন লেখাপড়ার পাশাপাশি রয়েছে নিয়মিত মেডিটেশন, ইয়োগা ও শুদ্ধাচার চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে মেধা বিকাশের অপূর্ব সুযোগ। চলতি বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে ৩৮ জন শিক্ষার্থী। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে পড়ালেখা সম্পন্ন করা প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বর্তমানে সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।