সাভার, ৮ মে ২০২৬:
ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এক নতুন মাইলফলক স্থাপন করে সাভারের খঞ্জন কাঠী জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাভার রোড বাজার সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি এবং বিএনপি নেতা হিসেবে পরিচিত তিনি এলাকাবাসীর পক্ষে এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উপকরণটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আরএমজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবির আহমেদ লিনজু আলোচনায়, তিনি পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত ও মসজিদকে কেন্দ্র করে সমাজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “মসজিদ আল্লাহর পক্ষ থেকে আসা অমূল্য নিয়ামত। যারা এ মসজিদের সাথে জড়িত, তাদের সবার উত্তম সাফল্য কামনা করি।” ভবিষ্যতে মসজিদ কমিটির গঠন ও মুসল্লিদের কর্তব্য নির্ধারণেও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা রবিউল আউয়াল, মাওলানা মাইনুদ্দিন , দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান পৃষ্ঠপোষক ওবায়দুর রহমান অভি এলাকাবাসীকে উদ্দেশ্য করে আশ্বাস দেন, “ইনশাআল্লাহ, যেসব এলাকায় এখনো কোনো মসজিদ নেই বা মুসল্লিরা নামাজ আদায়ে অসুবিধা ভোগ করছেন, সেসব এলাকায় আরও মসজিদ স্থাপন করা হবে।” জুম্মার নামাজ শেষে সবার জন্য তবারক বিতরণ এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এলাকাবাসী নতুন মসজিদ পাওয়ার আনন্দে মেতে ওঠে এবং আগামী দিনে ধর্মীয় কাজে আরও সম্পৃক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
