মোহাম্মাদ আবুল বাশার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ২ অক্টোবর ২০২৬, শুক্রবার :
মানুষ মানুষের জন্য – এই মমত্ববোধকে বুকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে কলেজ রোডের রিয়াদ ভবনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ এই মহতী উদ্যোগের আয়োজন করে। দিনভর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান, পিবিজিএম, পিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক জনাব মোঃ লুৎফর রহমান খান।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন:
১. ডা. মোহাম্মদ শাহ আলম – এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), অ্যাসোসিয়েট প্রফেসর, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
২. ডা. শ্যামল কুমার বিশ্বাস – এমবিবিএস, গাইনি ও অবস বিশেষজ্ঞ, আরামবাগ হাসপাতাল, ফরিদপুর।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বায়েজীদ খান বলেন, “দেশপ্রেম মানে শুধু মুখে বলা নয়, দেশের মানুষের পাশে দাঁড়ানো। মানুষের সেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ আজ প্রমাণ করেছে, চাইলেই নিজ এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটানো যায়। এই মানবিকতা ছড়িয়ে পড়ুক সারা বাংলায়।”
সভাপতির বক্তব্যে মোঃ লুৎফর রহমান খান বলেন, “আমরা আলফাডাঙ্গাকে ভালোবাসি। এই ভালোবাসা থেকেই আমাদের সংগঠনের জন্ম। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কাজে আমরা মাঠে থাকবো, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার শামসুদ্দিন হাসু, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলাম, মোঃ মহিউদ্দিন মাস্টার সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মুস্তাফিজুর রহমান রাসেল।
আয়োজকরা জানান, এটি কোনো একদিনের কর্মসূচি নয়, বরং একটি চলমান মানবিক আন্দোলন। দেশের প্রতি মমত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
