আলফাডাঙ্গায় ১১ পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ সহায়তা দিলেন পৌর মেয়র প্রার্থী খোকন

  আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১১টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র প্রার্থী ও বিশিষ্ট বিএনপি নেতা খোসবুর রহমান খোকন।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি পৌরসভার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন, সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিটি মণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এর আগে তিনি স্বেচ্ছাসেবকদের মাঝে তার ছবি সম্বলিত গেঞ্জি বিতরণ করেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রবীর কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ কুমার কুন্ডুর তথ্যমতে, উপজেলায় মোট ৪৩টি পূজা মণ্ডপ রয়েছে, যার মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে শুধু পৌরসভায় ১১টি মণ্ডপ রয়েছে — ৯টিতে প্রতিমা বিসর্জন হবে, ২টিতে হবে না।

পৌরসভার ১১টি মণ্ডপ হলো: আলফাডাঙ্গা বাজার, শ্রী শ্রী বিষ্ণু পাগলের আশ্রম, কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী দামোদর আখড়া, কুসুমদী সার্বজনীন, কুন্ডু বাড়ি, বাঁকাইল-নওয়াপাড়া সার্বজনীন, নওয়াপাড়া-বাকাইল (কুন্ডুপাড়া), বাঁকাইল-নওয়াপাড়া পূর্বপাড়া, পৌরসভা ঘোষ বাড়ি এবং নওয়াপাড়া কর্মকারবাড়ি পূজা মণ্ডপ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, মো. খাইয়ুম শিকদার, সিরাজুল হক সোজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মাহমুদুল হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক মকিমুল শিকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ ও মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ পূজা মণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা দেন। স্থানীয় নেতাকর্মীরা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ।”

মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহযোগিতার জন্য মেয়র প্রার্থী খোসবুর রহমান খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।