ফেসবুক ব্যবহার করতে গিয়ে হরহামেশাই তো আপনি লাইক, ডিসলাইক দিচ্ছেন।
আপনার জীবনযাপনের খুঁটিনাটি তথ্য আপলোড করছেন, জানাচ্ছেন আপনার দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক মতাদর্শের কথা!। আর এ থেকেই আপনার সম্পর্কে ধারণা অর্জন করছে ফেসবুক।
কিন্তু এখানেই শেষ নয়। মাঝেমধ্যে দেখবেন, নানারকম মজার মজার কুইজ আসে ফেসবুকে। যেমন -‘আপনি দেখতে হলিউডের কোন তারকার মতো? জানতে চাইলে ক্লিক করুন’। স্রেফ আনন্দ পাবার জন্যেই মানুষ এসব কুইজে অংশ নেয়। আর নিজের অজান্তেই ফেসবুকের হাতে তুলে দেয় ব্যক্তিগত সব তথ্য!
সম্প্রতি কেমব্রিজ এনালিটিকা নামে লন্ডনের একটি গবেষণা প্রতিষ্ঠানকে ফেসবুক তার পাঁচকোটি ব্যবহারকারীর তথ্য ব্যবহার করতে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তার কৌশলটাও ছিল এরকম একটি কুইজ।
‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’ নামের ঐ কুইজে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে যেসব তথ্য দিয়েছে, তা-ই ব্যবহার করেছে কেমব্রিজ এনালিটিকা। ব্যবহারকারীদের প্রোফাইল ঘেঁটে একটা সিস্টেম দাঁড় করিয়েছে। তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাইকোলজিকেল প্রোফাইল অনুযায়ী তাদের রাজনৈতিক বিজ্ঞাপন পাঠিয়েছে।
তবে এ ধরনের কুইজে সবসময়ই আশ্বাসবাণী থাকে যে, ‘ক্লিক করলেও আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে’ ইত্যাদি। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেটা আর শেষ পর্যন্ত থাকে না। (BBC News, 2018)
