মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর):
ফরিদপুরের আলফাডাঙ্গায় জনগণের ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করতে সরকারি অনুমোদনপ্রাপ্ত ৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
গত বুধবার সকাল ১১টায় আলফাডাঙ্গা হাসপাতাল রোডের সুলতান ম্যানশনে (ডাকবাংলো সংলগ্ন) এক আনুষ্ঠানিক কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ উদ্যোগের শুভ সূচনা হয়।
প্রধান অতিথি আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল ইকবাল বলেন, “এই কেন্দ্রগুলোর মাধ্যমে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশা সহ সকল ভূমি সংক্রান্ত সেবা নির্ধারিত ফির বিনিময়ে পাওয়া যাবে। এটি জনসাধারণের সেবা প্রাপ্তিকে গতিশীল করবে এবং দুর্নীতি রোধে ভূমিকা রাখবে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রগুলোর মধ্যে আলফাডাঙ্গা হাসপাতাল রোডের সুলতান ম্যানশনভিত্তিক কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন উদ্যোক্তা আসাদুজ্জামান রিপন। এছাড়াও, বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর বাজারের তিশা কম্পিউটারস (পরিচালক: মো. নাঈমুর রহমান) এবং বানা ইউনিয়নের শিরগ্রামের গড়ানিয়া বাজারের শাহিন ট্রেডার্স (পরিচালক: শাহিন মোল্লা) সরকারি অনুমোদন লাভ করেছে।
ভূমি উন্নয়ন কর ও মিউটেশন ফি পরিশোধ। জমির খতিয়ান, নামজারি ও নকশা সংক্রান্ত সহায়তা। অনলাইন সেবার পাশাপাশি স্থানীয়ভাবে প্রশ্নোত্তর ও গাইডলাইন। এই উদ্যোগকে স্থানীয়রা “ডিজিটাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভূমি সেবার মাইলফলক” হিসেবে আখ্যায়িত করেছেন। কেন্দ্রগুলো ভূমি অফিসের সাথে সমন্বয় করে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করবে বলে আশাবাদী প্রশাসন।
