ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী অর্ধশত প্রতিযোগীকে পাঁচ লক্ষাধিক টাকার বই পুরস্কার দিল কোয়ান্টাম

‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী অর্ধশত প্রতিযোগীকে পাঁচ লক্ষাধিক টাকার বই পুরস্কার দিল কোয়ান্টাম

২১ মে ২০২২ বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে আয়োজিত ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ বিষয়বস্তুর উপর রচনা, চিত্রাঙ্কন, অডিও-ভিডিও, আলেকচিত্র এবং বাক্য লিখন প্রতিযোগিতায় অর্ধশত বিজয়ী প্রতিযোগীকে পাঁচ লক্ষাধিক টাকার বই পুরস্কার দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এতে বিজয়ী, অভিভাবক এবং অংশগ্রহণকারীসহ পনেরো শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

২১ জুন সন্ধ্যায় আইডিইবি মিলনায়তনে এক উৎসবমুখর অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫৪ জন বিজয়ীকে ১০ হাজার টাকার বই পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিযাত্রী ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এবং চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নবীন প্রজন্মের স্বপ্নের মধ্য দিয়েই দেশ এগিয়ে যায়। তাই দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে। তিনি আরো বলেন, প্রতিদিন অন্যকে সুখী করার চেষ্টা করতে হবে। অন্যকে সুখী করতে পারলেই নিজে সুখ পাওয়া যায়। কোয়ান্টাম ফাউন্ডেশন নানা কার্যক্রমের মধ্য দিয়ে সে কাজটিই করে যাচ্ছে। এসময় কোয়ান্টামের নানা কার্যক্রমকে ভালো মানুষ হওয়ার সহায়ক হিসেবে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে চারটি গ্রুপে চিত্রাঙ্কন, রচনা, অডিও-ভিডিও, আলোকচিত্র ও বাক্য লিখন প্রতিযোগিতার আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এতে স্বতঃস্ফূর্ত অংশ নেন নানান বয়সী নানা পেশার মানুষ। শিল্পকলায় একসঙ্গে ছবি আঁকে পাঁচশতাধিক শিক্ষার্থী। পুরো মাসজুড়ে প্রতিযোগীদের মধ্যে ছিল উৎসবমুখর আবহ। মঙ্গলবার পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় মাসব্যাপী এ আয়োজনের।

শিশু-কিশোর-তরুণ শিক্ষার্থীদের মাঝে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন ও আশাবাদ জাগিয়ে তুলতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের এ আয়োজন। কোয়ান্টাম বিশ্বাস করে, বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে নয়, মানবিক সমমর্মী মহাসমাজ হিসেবে বিশ্ব দরবারে অবস্থান নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *