আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন, যাদের বেঁচে থাকার মূল ভরসা অন্যের রক্ত। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা জন্মগতভাবেই পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। ফলে তারা দীর্ঘস্থায়ী রক্তশূন্যতায় ভোগে। স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, পড়াশোনা করা কিংবা খেলাধুলা করা—সবকিছুই তাদের জন্য কঠিন হয়ে পড়ে। একজন থ্যালাসেমিয়া রোগীকে বাঁচিয়ে রাখতে প্রতি মাসে একাধিক ব্যাগ রক্তের প্রয়োজন হতে পারে।
অর্থাৎ একটি শিশুর জীবন নির্ভর করে প্রতি মাসে নতুন নতুন রক্তদাতার উপস্থিতির ওপর। বাস্তবতা হলো, অনেক পরিবার মাসের পর মাস রক্তদাতা খুঁজে বেড়ায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন করে, আত্মীয়-স্বজনের কাছে অনুরোধ করে অথবা স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নেয়। একজন থ্যালাসেমিয়া রোগীর জীবনের প্রতিটি দিন তাই স্বেচ্ছায় রক্তদানকারী মানুষের সহানুভূতির ওপর নির্ভরশীল।
শুধু থ্যালাসেমিয়া নয়, কিডনি রোগ ও ডায়ালাইসিস রোগীদের কাছেও নিরাপদ রক্ত অপরিহার্য। বাংলাদেশে কিডনি রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও সচেতনতার অভাবে লাখ লাখ মানুষ কিডনি জটিলতায় আক্রান্ত হচ্ছেন। কিডনি শুধু শরীরের বর্জ্য অপসারণ করে না, এটি এরিথ্রোপয়েটিন নামের একটি গুরুত্বপূর্ণ হরমোনও তৈরি করে, যা নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে।
কিডনি বিকল হতে শুরু করলে এই হরমোনের উৎপাদন কমে যায় এবং রোগীরা মারাত্মক রক্তশূন্যতায় ভোগেন। নিয়মিত ডায়ালাইসিসের সময়ও কিছু রক্তকণিকা নষ্ট হয়। পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হলে হৃদযন্ত্র, মস্তিষ্কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ পর্যাপ্ত অক্সিজেন পায় না। তাই কিডনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও স্বেচ্ছায় দান করা নিরাপদ রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিরাপদ রক্তের গুরুত্ব ও একটি নির্ভরযোগ্য ঠিকানা
রক্ত শুধু সংগ্রহ করলেই হবে না, তা হতে হবে সম্পূর্ণ নিরাপদ। অপরীক্ষিত রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই রক্ত সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই নির্ভরযোগ্য ও দায়িত্বশীল প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখতে হবে। নিরাপদ রক্ত শুধু রোগীকে জীবনই দেয় না, নতুন কোনো সংক্রামক রোগের ঝুঁকি থেকেও রক্ষা করে।
বাংলাদেশে নিরাপদ রক্ত সংগ্রহ ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোয়ান্টাম ব্লাড ল্যাব। ২০০০ সাল থেকে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বছরে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার ব্যাগ রক্তের প্রয়োজন পূরণে এই প্রতিষ্ঠান কাজ করছে। এখানে রক্তদাতাদের বিভিন্ন সংক্রামক রোগের স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে রক্তের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সবচেয়ে বড় কথা, ঈদ, পূজা, জাতীয় ছুটি কিংবা গভীর রাত—যখনই প্রয়োজন হয়েছে, স্বেচ্ছাসেবী রক্তদাতারা মানবতার সেবায় নির্দ্বিধায় এগিয়ে এসেছেন।
ব্লাড ডোনেশন ক্যাম্প: সমাধানের কার্যকর পথ
অনেক মানুষ রক্ত দিতে আগ্রহী থাকলেও কর্মব্যস্ততা, দূরত্ব ও যানজটের কারণে হাসপাতালে বা রক্তদান কেন্দ্রে যেতে পারেন না। এই সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিষ্ঠানভিত্তিক ব্লাড ডোনেশন ক্যাম্প। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো নিয়মিত ব্লাড ক্যাম্প আয়োজন করলে বিপুল পরিমাণ নিরাপদ রক্ত সংগ্রহ করা সম্ভব। মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় ব্যয় করে একজন কর্মী বা শিক্ষার্থী একজন মানুষের জীবন বাঁচানোর সুযোগ পান। এর মাধ্যমে একদিকে যেমন একজন মুমূর্ষু রোগী বেঁচে ওঠেন, তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধও বৃদ্ধি পায়।
জীবনের গল্প, আশার প্রতীক
বিশ্ব রক্তদাতা দিবস আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য স্মরণ করিয়ে দেয়—মানবতার সবচেয়ে সুন্দর পরিচয় হলো অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসা। একজন রক্তদাতার কয়েক মিনিট সময় একজন ক্যান্সার রোগীর চিকিৎসা চালিয়ে যেতে সাহায্য করতে পারে, একজন থ্যালাসেমিয়া শিশুর মুখে হাসি ফিরিয়ে আনতে পারে, একজন ডায়ালাইসিস রোগীকে নতুন জীবনের স্বাদ দিতে পারে। তাই আসুন, আমরা স্বেচ্ছায় রক্তদান করি, অন্যকে উদ্বুদ্ধ করি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। কারণ নিরাপদ রক্তের প্রতিটি ব্যাগের সঙ্গে জড়িয়ে থাকে একটি জীবন, একটি পরিবার এবং একটি নতুন আশার গল্প।
