যেভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন

রাগ মানুষের অনেক ক্ষতি করে। এমন অনেক লোক রয়েছেন, যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। অনেক সময় রাগের কারণও তারা খুঁজে পান না। তবে পরবর্তী সময়ে অনুতপ্ত হয়ে থাকেন। রাগ কমানোর কয়েকটি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। যখনই রাগ হবে, তখন এই পদ্ধতিগুলো মেনে চললে রাগ কমে যাবে।

যাকে দেখে রেগে গেলেন তার সামনে থেকে সরে যান। তিনি আপনাকে যতই উত্ত্যক্ত করুন, আপনি মুখ খুলবেন না। কারণ রেগে আপনি যা বলবেন, তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। রাগের সময় আমরা সব কথা সঠিক বলি না। দাঁড়িয়ে থাকলে প্রয়োজনে বসে পড়ুন।

মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে কিছু গণনা করুন। একশ থেকে এক পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিষ্ক কিছুটা হলেও অন্যদিকে ব্যস্ত হয়ে যাবে।

মেজাজ বেশি চড়া হলে জোরে জোরে গভীর নিশ্বাস ফেলুন। মজার কোনো দৃশ্য নিয়ে ভাবুন। গান শুনুন, বই পড়ুন, আপনার আদতে যা যা করতে ভালো লাগে সেদিকে বেশি মনযোগ দিন।

শরীরচর্চা মানসিক চাপ কমাতে পারে। যদি দেখেন রাগ বেড়ে যাচ্ছে,   তখন কয়েক চক্কর হেঁটে আসুন।

যদি কোনোভাবেই আপনার রাগ নিয়ন্ত্রণে না আসে, অন্যদের সাহায্য  নিন। কারণ রাগের কারণে মস্তিষ্কের বড় ধরনের ক্ষতি হতে পারে।