রমজানে যেন মুসলমানদের ওপর অত্যাচার না হয়: মমতা ব্যানার্জী

রমজান মাস চলছে। হিন্দু ভাই-বোনদের বলবো, মুসলিমদের ওপর যেন কোনো ধরনের অত্যাচার না হয়। গ্রামে-গ্রামে, জেলায়-জেলায় আপনারা তাদের নিরাপত্তা দেবেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে গতকাল সোমবার পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন ডুমুরজলা স্টেডিয়ামে জনসভার মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আরও একবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মিছিলে বুলডোজার নিয়ে যাচ্ছে, বন্দুক নিয়ে নাচছে। ভারতীয় জনতা পার্টির আমলে দেখছি দাঙ্গাবাজি। কেন রামনবমীর মিছিল পাঁচ দিন হবে? মিছিল করছে অনুমতি না দেওয়া সত্ত্বেও। এত রাস্তা আছে, তা সত্ত্বেও এই অঞ্চলে ওই অঞ্চলে ঢুকে যাচ্ছে। মমতা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ৬ এপ্রিল হনুমান জয়ন্তী। তারিখটা মনে রাখবেন। আমি প্রসাশনকে সতর্ক করবো, ওরা যেন দাঙ্গার নামে কোন প্ল্যান করতে না পারে। এটি মাথায় রাখবেন। আর ইয়াং জেনারেশন একটু এগিয়ে আসুন। আপনাদের মধ্যে আমরা গান্ধীজি, মাতঙ্গিনী, বিদ্যাসাগরকে দেখতে পাই। যারা আমাদের মাতৃভাষা শিখিয়েছে। আপনারা পারবেন না দাঙ্গাবাজদের রুখতে, গুণ্ডাদের রুখতে? এদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি ইঙ্গিত করে তৃণমূল সুপ্রিমো বলেন, আমি যতদিন বাঁচবো, ততদিন আন্দোলন করে যাবো। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আজ যারা বড় বড় কথা বলে, তাদের কিছু বলবো না। এর জবাব মানুষ দেবে। নন্দীগ্রামে ছেলে-মেয়েদের জেলে পাঠিয়েছে। খেজুরির ছেলে-মেয়েদের জেলে পাঠিয়েছে। ১৪ মার্চ গুলির ঘটনার পর আমি এসেছিলাম এখানে, তখন গাদ্দাররা ঘরে ঢুকেছিল।