গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি:
“শ্রমিক নিরাপত্তা দিবস-২০২৬” উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডে পালিত হয়েছে দিনব্যাপী নানা আয়োজন। প্রতিষ্ঠানের এজিএম (প্রশাসন, মানবসম্পদ ও সম্মতি বিভাগ) মো. মনসুর রহমানের নেতৃত্বে ও সেফটি কমিটির সক্রিয় অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে কারখানার বিভিন্ন বিভাগের প্রতিনিধি ও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সকাল ১১টায় অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ১১টা ১০ মিনিটে উদ্বোধনী পর্ব ও সেফটি ব্রিফিংয়ে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
সকাল ১১টা ২০ মিনিটে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা নিরাপদ কর্মপরিবেশ গড়ার বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করেন। সকাল ১১টা ৪০ মিনিটে “অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ” শীর্ষক সেশনে কর্মস্থলে দুর্ঘটনা প্রতিরোধ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহার ও স্বাস্থ্যঝুঁকি কমানোর কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দুপুর ১২টা ২০ মিনিটে সম্মিলিত নিরাপত্তা অঙ্গীকার পাঠ করেন শ্রমিকরা, যেখানে তারা নিরাপত্তা বিধি মেনে চলা ও নিরাপদ আচরণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। দুপুর ১২টা ৩৫ মিনিটে সেফটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
দুপুর ১২টা ৫৫ মিনিটে সমাপনী বক্তব্য ও গ্রুপ ফটো সেশনের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এই আয়োজন কর্মক্ষেত্রে নিরাপত্তা সংস্কৃতি জোরদার ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে এক কার্যকর দৃষ্টান্ত স্থাপন করেছে।
