আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সার্কাসের নামে অশ্লীলতা, জুয়া ও অসামাজিক কার্যক্রম চলার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। রোববার সন্ধ্যা ৬টায় পৌর সদর বাজার চৌরাস্তায় ‘সচেতন নাগরিক বৃন্দ’র ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামে সার্কাসের আড়ালে চলা এসব অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সার্কাসের নামে এই জুয়া ও অশ্লীলতার আয়োজন বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’ বক্তারা জানান, আগামী ২৫ জুন থেকে ওই এলাকায় সার্কাস ও লটারির আয়োজনের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন। তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা ও সামাজিক মূল্যবোধ অটুট রাখতে তারা এই উদ্যোগের বিরোধিতা করেন।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তাঁর সিএ সুজন পাল। প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন। তাদের মধ্যে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আমিনুল্লাহ, উপজেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন, উপজেলা খেলাফত মজলিসের মুফতি ইবাদত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. শরিফুল ইসলাম ও যুব মজলিসের সেক্রেটারি আবু মুসা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
