আন্দোলনকারীদের রাস্তায় থাকার নির্দেশ: ইশরাক

আন্দোলনকারীদের রাস্তা না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে আদালতের আদেশের পর এক ফেসবুক পোস্টে তিনি এ নির্দেশ দেন।

পোস্টে তিনি বলেন, আন্দোলনকারী ভাইদের বলব এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

অন্যদিকে বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের আদেশের পর বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্যভবন মোড়ে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। বৃষ্টিতে ভিজে ভিজে তারা সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে চলছে বিজয় মিছিলের প্রস্তুতি।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন আন্দোলন করেছেন তার সমর্থকরা। এরমধ্যেই মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইশরাকের মেয়র ঘোষণা নিয়ে রিটটি সরাসরি খারিজ করেন। পর্যবেক্ষণ, নির্দেশনাসহ এ আদেশ দেওয়া হয়। আদেশের পর আইনজীবী কায়সার কামাল এ কথা বলেন। আদালতে শুনানিতে তিনি রিটের বিরোধিতা করেন।

আইনজীবী কায়সার কামাল বলেন, ‘আমরা মনে করি যে উপদেষ্টা আছেন, যিনি হয়তোবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিষয়টি ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকে রিট খারিজের পর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *